তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
** নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব বাজার এলাকায় একটি অপরিকল্পিত টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, যথাযথ অনুমোদন ও পরিবেশগত মূল্যায়ন ছাড়াই হঠাৎ করে টাওয়ার নির্মাণের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।**
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নির্মাণকাজ শুরু হলে এলাকাবাসী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের আশঙ্কা, জনবহুল বাজার ও আবাসিক এলাকার মধ্যে এ ধরনের টাওয়ার নির্মাণ স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি ক্ষতিকর হতে পারে বলে তারা মনে করছেন।
এলাকাবাসী আরও জানান, নির্মাণকাজ শুরুর আগে তাদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি কিংবা কোনো নোটিশ প্রদান করা হয়নি। এতে করে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত বোধ করছেন।
গতকাল সকালে স্থানীয়রা একত্রিত হয়ে নির্মাণকাজে বাধা প্রদান করেন এবং দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের বসতবাড়ি ও বাজারের মাঝখানে এভাবে টাওয়ার নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, সঠিক নিয়ম মেনে এবং জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হোক।”
অন্যদিকে, নির্মাণ সংশ্লিষ্ট পক্ষ দাবি করেছে যে তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই কাজ শুরু করেছে। তবে এ বিষয়ে কোনো স্পষ্ট নথি এখনো জনসম্মুখে উপস্থাপন করা হয়নি।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ।
Leave a Reply